পূর্বধলায় ডিজিটাল ফুয়েল কার্ডের সুফল: কমছে পাম্পের দীর্ঘ লাইন, স্বস্তিতে বাইক চালকরা

নেত্রকোণার পূর্বধলায় জ্বালানি তেলের শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। গতকাল দিনভর উপজেলার শ্যামগঞ্জস্থ জমজম ফিলিং স্টেশনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বাইক চালকদের মাঝে তেল বিতরণ করা হয়েছে।

জমজম ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুর বারী জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড যাচাই করে প্রতিটি মোটরসাইকেলে ৭০০ টাকার অকটেন দেওয়া হয়েছে। এতে তেলের অপচয় ও অতিরিক্ত মজুদ রোধ সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে লাইনের ক্ষেত্রে; ডিজিটাল এন্ট্রির মাধ্যমে তেল দেওয়ায় পাম্পে আগের মতো দীর্ঘ লাইন বা উপচে পড়া ভিড় ছিল না। মাঝে মাঝে কিছুটা জটলা হলেও তা ছিল স্বাভাবিক সময়ের মতোই।

পূর্বধলা থেকে আসা মোটরসাইকেল মালিক মাসুম জানান, “ডিজিটাল ফুয়েল কার্ড থাকায় খুব সহজেই ৭০০ টাকার তেল নিতে পেরেছি। কয়েক দিন আগে তেলের জন্য যে দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি ছিল, আজকের পরিস্থিতি তার ঠিক উল্টো। কার্ড প্রথা চালু হওয়াতে আমাদের মতো সাধারণ চালকদের অনেক উপকার হয়েছে।”

প্রশাসনের এই ডিজিটাল তদারকির ফলে পাম্পগুলোতে যেমন চাপ কমেছে, তেমনি প্রতিটি মোটরসাইকেলের মাইলেজ রেকর্ড থাকায় সুষম বণ্টন নিশ্চিত হচ্ছে। এর ফলে কোনো একক ব্যক্তি অবৈধভাবে বা অতিরিক্ত তেল সংগ্রহ করতে পারছেন না, যা জ্বালানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *