গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: দেশসেরা ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ পেলেন পূর্বধলার আরিফ খান

গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ পুরস্কারে ভূষিত হয়েছেন নেত্রকোনার পূর্বধলার তরুণ প্রযুক্তিবিদ মো. আরিফ খান। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

‘নেটওয়ার্ক অফ ইয়াং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ’ (NYBB)-এর উদ্যোগে আয়োজিত ‘ফিউচার বায়োটেক সামিট’ এবং ‘৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস ২০২৬’-এ আরিফ খানসহ মোট ৯ জন তরুণ প্রযুক্তিবিদকে এই পুরস্কার দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য ছিল “ওমিক্স অ্যান্ড এআই”, যেখানে আধুনিক বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

আরিফ খানের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামে। তিনি বর্তমানে মহাখালীস্থ আইইডিসিআর (IEDCR)-এ ‘জুনেটিক ডিজিজ রিসার্চ প্রোগ্রাম’-এ গবেষণা কর্মকর্তা হিসেবে অত্যন্ত সফলতার সাথে কাজ করে আসছেন।

দিনব্যাপী এই সম্মেলনে অস্ট্রেলিয়া, কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেন। ২৯টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ও গবেষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি বহুজাতিক জ্ঞান বিনিময় কেন্দ্রে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. সায়েমা হক বিদিশা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বায়োটেকনোলজি খাতের গুরুত্ব তুলে ধরে তরুণ গবেষকদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

​আরিফ খানের এই বৈশ্বিক অর্জনে পূর্বধলা ও আগিয়া ইউনিয়নবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। আয়োজকরা মনে করেন, এই সম্মাননা বাংলাদেশের বায়োটেকনোলজি খাতে নতুন গবেষণা দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *