পূর্বধলায় হালখাতার রাতেই আগুনে পুড়লো মুদির দোকান; মোটরসাইকেল-ফ্রিজসহ ৩ লাখ টাকার ক্ষতি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে দোকানে থাকা বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ফ্রিজ, জীবনরক্ষাকারী ওষুধ এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।

​গত রবিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল নদীর পাড় এলাকায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুর রাশিদ জানান, রবিবার রাতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দোকানে বৈশাখী হালখাতা অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। হালখাতা শেষে গভীর রাতে দোকানদারির হিসাব-নিকাশ চুকিয়ে দোকানটি ভালো করে তালাবন্ধ করে তিনি বাড়িতে ঘুমাতে যান।

​পরবর্তীতে ভোরের দিকে পাশের আরেক দোকানদার জুয়েল মিয়া ওই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশের বাড়ির স্থানীয় লোকজন ও ঘুমন্ত ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের ও স্থানীয় জনতার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

দোকান মালিক আব্দুর রাশিদ ও স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, দোকানের ভেতরে থাকা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। হালখাতার পরদিনই এমন আকস্মিক অগ্নিকাণ্ডে নিজের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে এখন নির্বাক ও নিঃস্ব হয়ে পড়েছেন দোকান মালিক আব্দুর রাশিদ। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *