পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের তিন গ্রন্থের মোড়ক উন্মোচন

নেত্রকোনার পূর্বধলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন লেখক আব্দুস সালাম মন্ডল রচিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থগুলো হলো— কাব্যগ্রন্থ ‘অনুরাগের অনলে’, ‘ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ’ এবং ‘মানুষ প্রয়োজন’।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পূর্বধলার সদ্য প্রয়াত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও লেখক জাকির হোসেন (জীবন) তালুকদারের অকাল মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক দীপক সরকার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, শফিকুল আলম শাহীন, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাংবাদিক এমদাদুল ইসলাম, কবি জিল্লুর রহমান টিটু প্রমুখ।

বক্তারা নবীন লেখকের এই সাহসী পদচারণাকে সাধুবাদ জানিয়ে বলেন, তাঁর লেখনীতে মানবজীবনের গভীর অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন ঘটেছে। লেখক আব্দুস সালাম মন্ডল তাঁর বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাঠকদের ভালোবাসাই তাঁর আগামী দিনের সাহিত্যচর্চার মূল প্রেরণা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে বইগুলো বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *